ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও সংকটাপন্ন। তিনি জানান, খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে। গত ২৬ দিন যাবৎ তিনি আইসিইউতে আছেন। অনতিবিলম্বে তার বিদেশে চিকিৎসা প্রয়োজন। বুধবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, তিনি (খালেদা) যখন কেন্দ্রীয় কারাগারে ছিলেন তখন তাকে চিকিৎসা দেওয়া হয়নি। বারবার বলার পরে তার চিকিৎসার জন্য বোর্ড করা হয়েছে, সেই বোর্ড থেকেও চিকিৎসা হয়নি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা যখন সেখানে যান এবং তাদের সুপারিশে যখন পিজিতে নিয়ে আসা হয় তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে।


বিএনপির সিনিয়র এ নেতা বলেন, দেশনেত্রীকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। কারণ একটাই, খালেদা জিয়ার হচ্ছে দেশের একমাত্র রাজনীতিক, যিনি এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে কথা বলেন। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি গণতন্ত্রের জন্য সমস্ত জীবন বিলিয়ে দিয়েছেন।


তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্র মুক্তি পাবে না। দেশনেত্রী সুস্থ না হলে আমরা সুস্থ হব না। সরকারের কাছে আবারও আহ্বান জানাচ্ছি—খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সব ব্যবস্থা করুন।


সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, আইনের কথা বলেন, কেন মানুষকে বোকা বানাতে চান? ৪০১ ধারার যে আইনে তাকে আটকে রেখেছেন, সেই ধারায় শর্ত দিয়েছেন তিনি দেশের বাইরে যেতে পারবেন না। ওই শর্তটা আপনার তুলতে পারেন, আর কেউ তুলতে পারবে না। ওই শর্ত তুলে নেন, তাকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেন।

ads
ads
ads

Our Facebook Page